চলতি জুন মাসে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। তবে মাসের শুরুর দিকে কমার প্রবণতা শেষের দিকে এসে উল্টে যায়। মাসটির দ্বিতীয়ার্ধ থেকে ফের বাড়তে শুরু করেছে শনাক্ত ও মৃত্যু। যার প্রভাব পড়েছে পুরো মাসের পরিসংখ্যানে। সদ্য শেষ হওয়া মাসটিতে বিশ্বজুড়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে অন্তত ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৫৩৭ জন। এই সময়ে বিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৫৮ জন। আর করোনা থেকে সেরে উঠেছে ১ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৯৪০ জন। ওপরের পরিসংখ্যান অনুসারে আলোচ্য মাসে বিশ্বজুড়ে শনাক্ত অনুপাতে মৃত্যু হয়েছে। চলতি মাসে বিশ্বে শনাক্ত অনুপাতে যেখানে মৃত্যু হয়েছে প্রায় ২ দশমিক ৫০ শতাংশ, সেখানে গত ১৮ মাসে বিশ্বে শনাক্ত অনুপাতে মৃত্যুর হার ২ দশমিক ১৬ শতাংশ। অবশ্য সংখ্যার হিসাবে গত মাসে মৃত্যু তুলনামূলক কমেছে। সর্বশেষ সপ্তাহের পরিসংখ্যানও বলছে বিশ্বে মৃত্যু কমার তথ্য। গত সপ্তাহে যেখানে বিশ্বে ৫৪ হাজার ৪৮৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, সেখানে আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৫৮ হাজার ১৬৮ জন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬৭৩ জন। আর সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৬৭ হাজার ৬৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ১২৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬৪ হাজার ৪৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৩২৫ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ৪৯৩ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ২০ হাজার ৪৬০ জন। অপরদিকে সুস্থ হয়েছে ২ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।
শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৪৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ জনের। সুস্থ হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৮৭৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৫ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ২৪১ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ১৩৬ জন।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
