শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি সহজ জয়ে সিরিজ ইংল্যান্ডের

আপডেট : ০২ জুলাই ২০২১, ০৫:৫৮ এএম

শ্রীলঙ্কাকে আবারো সহজেই হারাল ইংল্যান্ড। সেই সঙ্গে এক ম্যাচ হাতে থাকতেই নিজেদের করল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। যে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

বৃহস্পতিবার ওভালে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নেয় ইংলিশরা। সফরকারীদের দেওয়া ২৪২ রানের লক্ষ্য ৭ ওভার হাতে থাকতেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

রান তাড়ায় জ্যাসন রয়, জো রুট, ওয়েন মরগানরা ছিলেন দুর্দান্ত। তবে ৫ উইকেট নিয়ে এদিন ইংলিশদের জয়ের নায়ক স্যাম কারেন। ১০ ওভার বল করে ৪৮ রান খরচায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেটের স্বাদ পান তিনি।

নিজের প্রথম দুই ওভারেই ৩ উইকেট তুলে নেন স্যাম কারেন। তাতে মাত্র ২১ রান তুললেই ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। পরে ধনাঞ্জয়া ডি সিলভার নৈপুণ্যে লড়ার মতো পুঁজি গড়ে দলটি।

ডানহাতি ব্যাটার ধনাঞ্জয়া ৯১ বলে ১৩ চারে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন। দাসুন শানাকা ৬৭ বলে করেন ৪৭ রান। সুবাদে ৯ উইকেটে ২৪১ রান করতে পারে লঙ্কানরা। স্যাম কারেন ছাড়াও ডেভিড উইলি পেয়েছেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন জ্যাসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৭৬ রান। বেয়ারস্টো ৩৬ বলে ২৯ রান করে ফিরলে এই জুটির পতন হয়।

পরে রয় ও রুটের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৮ রান। রয় ৫২ বলে ১০ চারে ৬০ রান করে ফিরেন।

তৃতীয় উইকেটে ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রুট ও অধিনায়ক মরগান। রুট ৮৭ বলে ৫ চারে অপরাজিত ৬৮ রান করেন। মরগান ৮৩ বলে অপরাজিত ৭৫ রান করেন ৮ চার ও ১ ছক্কায়।

রবিবার ব্রিস্টলে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। হোয়াইটওয়াশ এড়াতে যে ম্যাচে জিততেই হবে লঙ্কানদের। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত