ঘরে ও বাইরে এক সময় জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মিত খেলত বাংলাদেশ। তবে শেষ কয়েক বছরে দৃশ্যপটে কিছুটা বদল এসেছে। এ কারণেই ২০১৩ সালের পর আর আফ্রিকার দেশটিতে সফর করা হয়নি টাইগারদের। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাসকিন আহমেদের তাই জাতীয় দলের হয়ে আগে কখনো জিম্বাবুয়ে সফর করা হয়নি।
সব মিলে টাইগারদের এবারের জিম্বাবুয়ে সফর তাসকিনের মনে রোমাঞ্চ সঞ্চার করেছে। শুক্রবার দ্বিতীয় দিনের মতো হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে তাসকিন জানালেন তার জিম্বাবুয়ে সফরের অনুভূতি।
বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘আসলে আমি খুবই এক্সাইটেড। খুবই ভালো লাগছে, প্রথমবারের মতো জিম্বাবুয়ে আসলাম। যদিও আমার ডেব্যু হয়েছে ২০১৪-তে। কিন্তু ৭ বছরের মধ্যে কখনোই আমার জিম্বাবুয়েতে আসা হয়নি।’
যোগ করেন, ‘প্রথমবারের মতো আসলাম। যদিও আমাদের বায়ো বাবলের মধ্যে থাকতে হচ্ছে। তবে ওভারঅল সব ফ্যাসিলিটিজ মিলিয়ে আমি উপভোগ করছি। আমি এক্সাইটেড যে কখন খেলা শুরু হবে।’
জিম্বাবুয়েতে দলের প্রস্তুতিটাও ভালো হচ্ছে বলে জানালেন তাসকিন, ‘প্র্যাকটিস সেশন মাশা আল্লাহ্ ভালো হচ্ছে। বোলার, ব্যাটসম্যান সবার প্রিপারেশন ওয়াইজ ভালোই প্রিপারেশন নেয়া হচ্ছে। আমরা আগামীকাল প্র্যাকটিস ম্যাচও খেলব। তো প্রিপারেশন ওয়াইজ আশা করি কোনো কমপ্লেইন থাকবে না ইনশা আল্লাহ।’
প্রতিপক্ষ নিয়ে টাইগাররা অবশ্য সতর্ক। তাসকিন বলছিলেন, ‘জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের সাথে খেলাটা সহজ না। আমাদেরকে অনেক টাফ কন্ডিশন ও টাফ অপনেন্ট ফেস করেই খেলতে হবে। তো কোনো ম্যাচই তো সহজ না। এর মধ্য থেকেই আমাদের সেরাটা দিয়ে বের হয়ে আসতে হবে।’
