খুলনায় সংকট বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের

আপডেট : ০২ জুলাই ২০২১, ১১:১১ পিএম

খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ফলে সময়মতো অক্সিজেন না পেয়ে অনেকে মারা যাচ্ছে বলে স্বজনরা অভিযোগ করছে। অক্সিজেন সিলিন্ডার কে আগে নেবে, তা নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রীতিমতো কাড়াকাড়ি চলে রোগীদের স্বজনদের মধ্যে। এমনটাই দেখা গিয়েছে করোনার হটস্পট খুলনার কভিড ডেডিকেটেড হাসপাতালে।

খুলনার সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতালে ১৩০ শয্যার বিপরীতে গত কয়েক দিন যাবৎ রোগী ভর্তি থাকছেন ১৮০ থেকে ১৯০ জন। তবে শুক্রবার তা বেড়ে ২০৪ জন হয়েছে। এখানে মাত্র ৭৭টি শয্যায় রয়েছে কেন্দ্রীয় অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা। বাকি রোগীদের ভরসা সিলিন্ডার। হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ শ’ সিলিন্ডার মজুদের কথা বললেও হাহাকার থামছে না।

রোগীর স্বজন হাফিজুর রহমান জানান, অক্সিজেনের সিলিন্ডার আমি নিজে ঘুরিয়ে আমার রোগীর পাশে রাখি। একটু পর এসে দেখি সেটা আরেকজন নিয়ে গেছে। আমাদের মতো যারা সাধারণ রোগী তারা সিলিন্ডার পাচ্ছে না।

আরেক করোনা রোগীর ভাই রফিকুল ইসলাম জানান, সিলিন্ডার না পেয়ে আমরা এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতেছি। শুধু এই অক্সিজেনের জন্য আমার বোনটা মারা যাওয়ার উপক্রম হয়েছে। খোঁজখবর নিয়ে জানা গেছে, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের হিসাবে সরকারি-বেসরকারি হাসপাতাল, বিভিন্ন সংগঠন আর ব্যক্তি পর্যায়ে শুধু করোনা রোগীদের জন্য খুলনা শহরে বর্তমান প্রতিদিন সিলিন্ডারের চাহিদা ৭০০টি। সরবরাহ করা যাচ্ছে মাত্র ৪১০টি। ছোট সিলিন্ডারে ১ হাজার ৩৬০ আর বড় সিলিন্ডারে অক্সিজেন ধারণ ক্ষমতা ৬ হাজার ৮০০ লিটার। চাহিদা আর সরবরাহের ভেতর ফারাকের দূরত্ব ক্রমশই বাড়ছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোগীর এমন চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। রোগীর সংখ্যা যখনই ১৭০ অতিক্রম করছে তখনই সংকট সৃষ্টি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত