ফেদেরারের উইম্বলডন রেকর্ড

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১২:৩৭ এএম

আর কিছুদিন পরেই ৪০-এ পা রাখবেন রজার ফেদেরার। এই বয়সেও পছন্দের ঘাসের কোর্টে ম্যাজিক দেখাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের বিরুদ্ধে ৭-৬ (৭), ৬-১, ৬-৪-এ জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন আটবারের চ্যাম্পিয়ন সুইস কিংবদন্তি। উইম্বলডনের শেষ ৪৬ বছরের ইতিহাসে প্রবীণতম খেলোয়াড় হিসেবে তৃতীয় রাউন্ডে ওঠার নজির গড়লেন তিনি।

এবারসহ ১৮ বারের মতো উইম্বলডনের তৃতীয় রাউন্ডে খেলেছেন ফেদেরার। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কেন রোজওয়াল উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন ৪০ বছর বয়সে। ফেদেরার বয়স এখন ৩৯ বছর ১১ মাস। আগামী ৮ আগস্ট তিনি জন্মদিন পালন করবেন। জেতার পর ফেদেরার বলেন, ‘এটা আমার জন্য একটা দারুণ ম্যাচ ছিল এবং নিজের পারফরম্যান্সে আমি খুশি। প্রথম রাউন্ডেই নিজের সেরা টেনিস খেলাটা সব সময় জরুরি নয়। ম্যাচে টিকে থাকাটাই এমন সময়ে আসল। বর্তমানে আমার খেলা নিয়ে আমি খুশি। গত দেড় বছরে দুইবার অপারেশনের জন্য আমাকে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই এই জয়টা আমার জন্য বিশেষ আনন্দের।’ ফেদেরার তৃতীয় রাউন্ডে খেলবেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরির বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত