অভিনয়টাই ঠিকমতো করতে চেয়েছি

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০১:১২ এএম

একসময় ছোটপর্দায় রাজত্ব করেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে এখন তাকে আগের মতো দেখা যায় না অভিনয়ে। ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি

লকডাউন...

এখন পর্যন্ত ভালো আছি। লকডাউনে বাইরে বের হওয়ার সুযোগ নেই। সরকারি নির্দেশনা আমাদের সবার ভালোর জন্যই। সবার নির্দেশনাগুলো মেনে চলা উচিত। অফিসের বেশিরভাগ কাজ বাড়ি থেকেই করছি।

তিন বছর পর...

প্রায় তিন বছর পর অভিনয়ে ফিরলাম। যদিও করোনার শুরুর দিকে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম; সেটিও কয়েক দিন করার পর বন্ধ হয়ে যায়। তবে এত অভিনয় না করার বিশেষ কোনো কারণ নেই। মজার বিষয় হলো, অনেকেরই ধারণা আমি বিদেশে চলে গেছি, অভিনয় আর করছি না! তাই তারাও যোগাযোগ করেননি আর আমারও নিজে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিছুদিন আগে একটি প্রোগ্রামে নির্মাতা শাওকির সঙ্গে দেখা হলে তিনি তো অবাক হয়ে বললেন, ‘আমি তো জানিই না আপনি দেশে থাকেন। আপনাকে নিয়ে তো অনেক কাজের প্ল্যান ছিল।’

ঈদে ‘লাইফলাইন’...

ঈদুল আজহা উপলক্ষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও নির্মাণে ‘লাইফলাইন’ নামে একটি খন্ড নাটকে অভিনয় করেছি। এটি প্রেমের গল্প নিয়ে। আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। ঈদের জন্য আরও কিছু কাজের পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের জন্য পিছিয়ে গেছে। অনেকেই লকডাউনের মধ্যে শ্যুটিং করছেন। নিরাপত্তা নিয়ে করালে ঈদের জন্য আরও কিছু কাজ করতে পারি। আবারও নিয়মিত কাজ করব। ২৫ থেকে ২৬ দিন না হলেও নিয়মিত অভিনয় করার চেষ্টা থাকবে।

ওটিটি ও সিনেমা...

আমার অভিনয়ের ক্ষুধা আছে। অভিনয়টাই ঠিকমতো করতে চেয়েছি সব সময়, এখনো চাই। অভিনয় থেকে যেমন নিজেকে বঞ্চিত করতে চাই না, তেমনি চাই না দর্শকও আমার অভিনয় দেখা থেকে বঞ্চিত হোক। আমি যেহেতু অভিনয় করি, তাই অভিনয়ের সব মাধ্যমেই কাজ করতে চাই। ওটিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। আশা করছি আমিও সেখানে ভালো কিছু কাজ করতে পারব। এক সময় চলচ্চিত্রে প্রচুর কাজের প্রস্তাব পেয়েছি। তখন নানা কারণে করা হয়নি। এখন যে ধরনের সিনেমা বেশি হচ্ছে তাতে সিনেমায় কাজ করতেও আমার আপত্তি নেই।

‘বেটার ফিউচার ফর ওমেন’...

অভিনয়ের অভিজ্ঞতা, পরিচিতি, পড়াশোনা ও গবেষণা মিলিয়ে মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই ‘বেটার ফিউচার ফর ওমেন’ প্রতিষ্ঠানটি গড়েছি। এটি নন-প্রফিট অর্গানাইজেশন। এখানে নারীরা অনেক সমস্যার কথা শেয়ার করেন। আমি সমাধানের চেষ্টা করি। নারীদের জন্য কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষতা তৈরি করা, নারীদের জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা, নারীদের জন্য ই-লার্নিং কর্মসূচি বাস্তবায়ন করা, সর্বোপরি নারীদের জন্য একটা উন্নত ভবিষ্যৎ তৈরি করাই ‘বেটার ফিউচার ফর ওমেন’-এর মূল কাজ।

ভক্তদের উদ্দেশে...

আমার ফ্যান পেজের পোস্টের হাজার হাজার কমেন্টের মধ্যে বেশিরভাগ কমেন্টই থাকে কেন নিয়মিত কাজ করছি না! কমেন্টে তারা আমাকে নিয়ে ভালো লাগার কথা শেয়ার করেন। আমি তাদের ধন্যবাদ দেব, তারা কখনই আমাকে নিয়ে বাজে কমেন্ট করেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত