সাহসী সুইসদের হারিয়ে সেমিফাইনালে স্পেন

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০২:২৮ এএম

সাহসী সুইজারল্যান্ড আরেকটি অঘটন ঘটিয়েই দিয়েছিল প্রায়। ফ্রান্সের মতো স্পেনকেও টেনে নিয়েছিল টাইব্রেকারে। তাও শেষ প্রায় ৫০ মিনিট ১০ জন নিয়ে খেলেও। কিন্তু পেনাল্টি শুটআউটে ৩টি শট মিস করায় স্পেন ৩-১ গোলে তাদের হারিয়ে পঞ্চমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে।

গতরাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এবারের ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালটা হয়েছে তিন বছর আগে বিশ্বকাপের শেষ ১৬-এর মতোই। রাশিয়ার বিপক্ষে ২০১৮-এর ১ জুলাই লুঝনিকি স্টেডিয়ামের সে ম্যাচেও স্পেন শুরুতেই (১২ মিনিটে) আত্মঘাতী গোলে এগিয়ে যায়। পরে রাশিয়া সমতা ফেরায়। এবং টাইব্রেকারে গিয়ে স্পেন ৪-৩ গোলে জেতে। এবার ৮ মিনিটে জর্দি আলবার শট বাঁচাতে গিয়ে নিজেদেরই জালে ঠেলে দেন সুইস ডিফেন্ডার জাকারিয়া। সেই গোল ৬৮ মিনিটে গিয়ে শোধ করেন লিভারপুল উইঙ্গার জার্দান শাকিরি। গত ৯ বছরে শাকিরি গোল করেছেন এমন ১৬ ম্যাচে হারেনি সুইজারল্যান্ড। সেটাই আরও একবার করতে যাচ্ছিল সুইসরা। ৭৭ মিনিটে রেমো ফ্রিউলার বাজে ট্যাকেলের জন্য সরাসরি লালকার্ডে মাঠ ছাড়লেও নির্ধারিত সময়ের ২৭ আর অতিরিক্ত সময়ের ৩০ মিনিট স্প্যানিশদের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দেয় সুইসরা। এর জন্য মূল কৃতিত্ব গোলকিপার ইয়ান সোমারের। বিশেষ করে ৩০ মিনিটে ১৭টি স্প্যানিশ আক্রমণের ৮টি সরাসরি প্রচেষ্টা নিজে বাঁচিয়ে দেন তিনি।

ফ্রান্সের মতো স্পেনকেও টাইব্রেকারে নিয়ে সুইসরা লটারিতে জিতবে ভাবলেও নিজেদের ব্যর্থতা আর স্প্যানিশ গোলকিপার উনাই সিমনের কৃতিত্বে পারেনি। স্পেনের অধিনায়ক বুসকেটস টাইব্রেকারের প্রথম শট পোস্টে লাগালেও সেই এগিয়ে যাওয়ার সুযোগ নিতে পারেনি সুইসরা। শার, আকানজির শট বাঁচিয়ে দেন উনাই সিমন। আর ভারগাস মারেন বারের উপর দিয়ে। ওদিকে রদ্রির শট সোমার বাঁচিয়ে দিলেও দানি ওলমো, জেরার্দ মরেনো ও ওইয়ারজাবাল গোল করে জিতেয়ে দেন তিনবারের সাবেক চ্যাম্পিয়নদের। উনাই সিমন হন ম্যাচ সেরা। গতরাতের ইতালি-বেলজিয়াম ম্যাচ জয়ীর সঙ্গে সেমিফাইনাল খেলবে স্পেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত