করোনাভাইরাস প্রতিরোধী আরও সাড়ে ২২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এরমধ্যে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো মডার্নার সাড়ে ১২ লাখ টিকা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম চালানের ১০ লাখ টিকা পেইচিং থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই বিমানবন্দরে আসে।
আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা দেশে পৌঁছানোর কথা। এছাড়া আজ সকালে চীন থেকে কেনা সিনোফার্মের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন টিকার চালান বুঝে নিতে গতকাল রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
টিকার চালান বুঝে নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা সংকটে দেশে গণটিকাদান কর্মসূচিতে ছন্দপতনের কথা তুলে ধরে বলেন, ‘আমরা জোরেশোরে শুরুর পরও কাক্সিক্ষত টিকা না পাওয়ায় তা ধরে রাখতে পারিনি। আশা করছি টিকার আর কোনো অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি, আগামীতে আরও পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।’
এর আগে চীনের উপহার হিসেবে গত ১২ মে ৫ লাখ ডোজ এবং ১৩ জুন ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসে। গতকাল রাতে এসেছে চীন থেকে সরকারের কেনা সিনোফার্মের টিকার প্রথম চালান।
