ইউরো কাপে স্বপ্ন যাত্রা অব্যাহত ডেনমার্কের। কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে হারিয়ে আসরের সেমিফাইনালে পৌঁছে গেল দলটি।
শনিবার আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় ডেনমার্ক।
প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ড্যানিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ায় চেকরা। তাতে ড্যানিশরাও বেশ চাপে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য জয় হয়েছে ডেনমার্কেরই।
নিজেদের প্রথম ম্যাচেই খেলা চলাকালে ক্রিশ্চিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাক। এরপর কোনো মতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়া। আর নক আউটে উঠে তো দুরন্ত পাফরম্যান্স।
এরিকসেনই এবারের আসরে ডেনমার্কের প্রেরণা। ১৯৯২ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম যারা টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল।
এদিন ম্যাচের প্রথমার্ধে ডেনমার্কের হয়ে গোল দুটি করেন টমাস ডেলানি ও কাসপের ডলবার্গ। চেকদের পক্ষে ব্যবধান কমান পাত্রিক শিক।
ফাইনালে ওঠার লড়াইয়ে ডেনমার্কের প্রতিপক্ষ ইংল্যান্ড। এদিন আরেক কোয়ার্টার ফাইনালে উইক্রেনকে ৪-০ গোলে হারিয়েছে ইংলিশরা।
আরো পড়ুন
