টেলিভিশন দেখা নিয়ে বাবা-মায়ের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি ওই কিশোরীর। এ ঘটনায় মামলা হওয়ার পর গতকালই অভিযান চালিয়ে বাসের সহকারী কামাল (২৯) ও রফিক (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত কামাল খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা। আর রফিকের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে।
কিশোরীর পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাতে টেলিভিশন দেখা নিয়ে মা-বাবার সঙ্গে রাগারাগি হয় ওই কিশোরীর। এরপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। গতকাল ভোরে জেলা সদরের বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে কামাল ও রফিক কিশোরীকে একটি বাসে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীটি খাগড়াছড়ি সদর থানায় গিয়ে অভিযোগ করলে ওই দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে রেখে চালক বাড়িতে চলে যান। বাসটির সহকারীই ঘটনাটি ঘটায়। আটক হওয়া অপর ব্যক্তির পরিচয় তাদের জানা নেই।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, আলামত হিসেবে টার্মিনালে থাকা দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিশোরীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে গাজীপুরে পার্কে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে এক পোশাকশ্রমিক তরুণীকে (১৯) দল বেঁধে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে র্যাব। তার নাম নাজমুল হাসান (৩০)। সে শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে। গত শুক্রবার রাতে একই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিল নাজমুল। পরে গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর গতকাল শনিবার তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
