অ্যাঞ্জেলিনা জোলি আর উইকেন্ড। দুজনই বিশ^খ্যাত শোবিজ তারকা। একজন হলিউডের স্বনামধন্য অভিনেত্রী, অন্যজন গানের জগতের জনপ্রিয় নাম। রাতবিরাতে ডিনারে বেরিয়েছিলেন এই দুই তারকা। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দু-চারজন পাপারাজ্জি ঘাপটি মেরে বসে থাকে। একটি ইতালীয়ান রেস্তোরাঁ থেকে বের হতেই ক্যামেরায় ধরা পড়ে গেলেন তারা। এরই মধ্যে তাদের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। হতেও পারে। দুজন যে এখনো ‘সিঙ্গেল’। ব্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে জোলি এখন একা। উইকেন্ডও সেলেনা গোমেজ আর বেলা হাদিদের সঙ্গে সম্পর্ক শেষে জড়াননি কারও সঙ্গে। অনেকে অবশ্য বলছেন, একসঙ্গে বের হলেই কি প্রেম হয়ে যায় নাকি! কাজ থাকতে পারে না? কিংবা বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎও তো হতে পারে। তা-ও ঠিক। উড়িয়ে দেওয়া যায় না। এইচবিওর নতুন প্রকল্প ‘দ্য আইডল’-এ দেখা যাবে উইকেন্ডকে। এই সিরিজের সহলেখকও তিনি। একজন নারী পপ তারকার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি ক্লাবের মালিকের প্রেম নিয়ে সিরিজের কাহিনি। সিরিজের নির্বাহী প্রযোজকও উইকেন্ড। হয়তো নারী পপ তারকার চরিত্রে জোলিকে নিতে পারেন। তাই অনেকের ধারণা, কাজের কথাও হতে পারে। কী জানি! কিছ্ইু পরিষ্কার নয় এখনো। দুজন যে এ বিষয়ে কোনো কথাও বলেননি।
×
