স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০২:০২ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা-শরম বলতে কিছু নেই। গতকাল রবিবার বিএনপি সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : গণমাধ্যমের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘এই যে স্বাস্থ্যমন্ত্রী কী নির্লজ্জ একজন ব্যক্তি যে, পার্লামেন্টে তার বিরুদ্ধে তার দলের লোকেরা কথা বলছেন, বিরোধী দলের কয়েকজন কথা বলেছেন, সারা দেশের মানুষ কথা বলছেন। তাদের মন্ত্রণালয়ের দুর্নীতি যখন প্রমাণিত হয়েছে, দুর্নীতিতে সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যখন তিনি চিত্রিত হয়েছেন, ছবি তোলা হয়েছে অ্যাগ্রিমেন্ট সই করার সময়ে। তারপরও তিনি পদত্যাগ করছেন না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্য আমাদের যে এরকম একটা ভয়ংকর গণবিরোধী সরকার যারা আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে। করোনাভাইরাসে যখন মানুষের জীবন চলে যাচ্ছে তখন দুর্ভাগ্যজনকভাবে শতকরা ৫২টি হাসপাতালে কোনো আইসিইউ বেড নেই। আপনারা শুনলে অবাক হবেন যে, একটা জেলা হাসপাতালে পর্যন্ত কোনো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই।’

গণমাধ্যমের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমে এতটুকু সরকারের সমালোচনা করলে তাদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে চরম নির্যাতন করা হচ্ছে। আমি দেখলাম, গত ছয় মাসে ১৫০ জনের মতো সাংবাদিককে তাদের শুধু সত্য কথা লেখার জন্য তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে।’

বিএনপি সমর্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘একসময়ের যারা নামকরা সাংবাদিক ছিলেন তারা এখন উচ্ছিষ্টভোগী হয়েছেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সম্পর্কে নানারকম অপপ্রচার করে কলাম লিখছেন, যা সত্য নয়।’

ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আবদুল হাই শিকদার, বাকের হোসাইন, বাসির জামাল, রাশেদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মোরসালিন নোমানী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত