ঢাকা প্রিমিয়ার লিগে পাওয়া চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে গিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম টেস্টের আগে মুশফিককে নিয়ে আশার কথাই জানাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু তামিম ইকবালকে নিয়ে রয়ে গেছে শঙ্কা।
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে টাইগাররা।
অনুশীলনের ফাঁকে কোচ রাসেল ডমিঙ্গো জানালেন দুই সিনিয়র ক্রিকেটারের বর্তমান অবস্থার কথা। বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী, সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। সবকিছু ঠিক পথেই আছে।’
প্রিমিয়ার লিগের ম্যাচের বাঁ হাতের তর্জনীতে চোট পান মুশফিক। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি। তবে ডমিঙ্গোর কথায় মনে হচ্ছে মূল ম্যাচে তাকে পাচ্ছে বাংলাদেশ।
এদিকে তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং না করলেও দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন। সে সময়ও অবশ্য তার মধ্যে অস্বস্তিটা টের পাওয়া যাচ্ছিল।
ডমিঙ্গো বললেন, ‘তামিম এখনো শতভাগ নিশ্চিত না। তাকে নিয়ে সংশয় আছে। অদূর ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার ধারণা।’
