একটি টাইলস বিপণনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রায় ৩৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ভ্যাট ফাঁকির প্রমাণ সাপেক্ষে গতকাল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা হয়েছে।
প্রতিষ্ঠানটির নাম মোহাম্মদ ট্রেডিং। উত্তরার জসিমউদ্দীন অ্যাভিনিউয়ের আরএকে টাওয়ারের সাততলায় এর কার্যালয়।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি তাদের ভ্যাটযোগ্য সেবার বিপরীতে প্রযোজ্য রাজস্ব সরকারি কোষাগারে জমা দেয়নি। উল্টো সঠিক বিক্রয় তথ্য গোপন করে ঘোষণাবহির্ভূত স্থানে মূসকসংক্রান্ত দলিলাদি সংরক্ষণ করে ভ্যাট ফাঁকি দিয়ে নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে এবং সরকারের আর্থিক ক্ষতি করেছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিক্রয়মূল্য ২১ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৯৩৮ টাকা কমিশনের ওপর ১ কোটি ৫৪ হাজার ৬৫৫ টাকা ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু মোট ভ্যাটযোগ্য বিক্রয়মূল্য ছিল ৬৩২ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৯৮২ টাকা এবং এর ওপর প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ২৮ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৮৭০ টাকা।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাট বাবদ ২৭ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ২১৫ টাকা ফাঁকি উদঘাটিত হয়। এই ফাঁকির ওপর ভ্যাট আইন অনুসারে মাসভিত্তিক ২ শতাংশ হারে ১১ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ৬৮২ টাকা বিলম্বজনিত সুদ হিসেবে প্রযোজ্য হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির স্থান ও স্থাপনার বিপরীতে ধার্য ভ্যাটও ফাঁকি দিয়েছে। এতে সব মিলিয়ে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৯ কোটি টাকা।
