কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের হামলায় সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
কাউন্সিলর সেলিম রহমান অভিযোগ করে বলেন, ফুটপাত দখলকারীদের রাস্তা থেকে সরাতে গেলে এক কারারক্ষীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কারারক্ষী লাঠিসোঁটা নিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে।
এ ব্যাপারে কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, কাউন্সিলর ও কারারক্ষীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে বলে দুই পক্ষ পুলিশকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাটি কারাগারের বাইরে ঘটায় স্থানীয়ভাবে সেটি মীমাংসার চেষ্টা চলছে।’
