রাজশাহীতে আবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০১:৪৯ এএম

চারদিন বন্ধ থাকার পর রাজশাহীতে আবারও করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। কিট সংকটের কারণে এই ক’দিন মহানগর এলাকায় অ্যান্টিজেন টেস্ট বন্ধ ছিল। গতকাল সোমবার সকাল ১০টা থেকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও লক্ষ্মীপুর মিন্টু চত্বরসহ আটটি জনবহুল স্পটে আবারও এ টেস্ট শুরু হয়। তবে গত চারদিন মহানগর এলাকায় অ্যান্টিজেন টেস্ট বন্ধ থাকলেও উপজেলা পর্যায়ে চালু ছিল।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকেও রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে লম্বা লাইন লক্ষ করা গেছে। কম সময়ে ফলাফল জানা এবং বিনামূল্যে করোনা টেস্ট করাতে পারায় সাধারণ মানুষের মধ্যে এই টেস্টে আগ্রহ বেড়েছে।

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, কিট ছিল না। এ জন্য ১ জুলাই থেকে মহানগর এলাকায় অ্যান্টিজেন টেস্ট বন্ধ রাখতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত উপজেলা পর্যায়ের জন্য সিভিল সার্জন অফিসে মজুদ রাখা কিট থেকে চার হাজার কিট সিটি করপোরেশন এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ওই কিট দিয়ে আপাতত র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করা হয়েছে। এরই মধ্যে কিট এসে পৌঁছালে আর সংকট তৈরি হবে না।  বেশি সংখ্যক মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনতে রাজশাহী মহানগরীতে গত ৬ জুন থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। প্রথমে পাঁচটি স্পটে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত