হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০২:১১ এএম

কোলন সমস্যার চিকিৎসা করাতে নির্ধারিত অপারেশনের জন্য রোমের হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে সার্জারি হওয়ার পর এখন পোপের অবস্থা স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী সাত দিন পোপকে হাসপাতালে থাকতে হবে বলে ভ্যাটিকান মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ।

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হলেন ফ্রান্সিস। ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে, তার কোলনের ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’-এর চিকিৎসা চলছে। এই অসুখে কোলন সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে সেøাভাকিয়া সফর করবেন তিনি। তার আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এক অনুষ্ঠানে যোগ দেবেন।

১৯৩৬ সালে বুয়েনস আয়ার্সে জন্ম নেওয়া ফ্রান্সিস ২১ বছর বয়সে ডান পাশে ফুসফুস হারান। এ ছাড়া হিপের সমস্যায় ভুগে থাকেন তিনি। ২০১৪ সালে পাকস্থলীর ব্যথায় ভুগে বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করতে বাধ্য হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত