অতিবর্ষণে জলাবদ্ধতা লাখো মানুষ পানিবন্দি

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০২:১১ এএম

গাজীপুর মহানগরীতে কয়েক দিনের অতিবর্ষণে গাজীপুর মহানগরীর কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকার লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত প্রচেষ্টায় গত রবিবার জলাবদ্ধতার সৃষ্ট খাল ও নালা পরিষ্কার করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় ধীরে ধীরে পানি কমতে শুরু করে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর ১৪, ১৫, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭নং ওয়ার্ডের ভোগড়া, আধেপাশা, চান্দপাড়া, ওঝারপাড়া, বাদে কলমেশ্বর, গাছা, কুনিয়া পাচর, বড়বাড়ি নিচু এলাকাসমূহে বৃষ্টির পানি যে খালটি দিয়ে নেমে যেত সেটি প্রভাবশালীরা দখল করে এর মুখে কারখানা গড়ে তুলেছে। এতে পানি প্রবাহের বাধা সৃষ্টি হয়। যার কারণে পাঁচটি ওয়ার্ডের লাখ লাখ লোক জলাবদ্ধতায় পড়ে।

কয়েক দিনের বৃষ্টির পানিতে এলাকার নিচু রাস্তাঘাট ও ফসলি জমিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে এলাকার মানুষজন পানিবন্দি অবস্থায় রয়েছে। এলাকার মানুষের জলাবদ্ধতায় দুঃখ-দুর্দশার খবর পেয়ে মেয়র শনি ও রবিবার ওই এলাকাসমূহ পরিদর্শন করেন। জলাবদ্ধতার কারণসমূহ চিহ্নিত করে পানি প্রবাহের বাধা দ্রুত অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বড়বাড়ি এলাকায় একটি কারখানার বাউন্ডারি ওয়ালের নিচ দিয়ে পানি প্রবাহের বাধা অপসারণ করা হয়। অপর কারখানাকে খালের জমি থেকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং পানি যাওয়ার খালের প্রতিবন্ধকতা দূর করতে বলেন মেয়র জাহাঙ্গীর।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, কিছু কিছু মিলকারখানার মালিক সরকারি খালের জমি দখল করে এবং খালের মুখে কারখানা নির্মাণ করার কারণে এলাকার পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে এলাকায় মানুষের বাড়িঘরে পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকার মানুষের দুঃখ-দুর্দশার খবর পেয়ে পানি প্রবাহের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। তিনি এলাকার জনগণের স্বার্থে কারখানা মালিকদের পানি প্রবাহ বন্ধ না করার অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত