রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামিয়াতুল আনসার আল-ইসলামিয়া মাদ্রাসা থেকে ইসমাইল হোসেন (১৬) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। পুলিশ বলছে, মায়ের সঙ্গে অভিমান করে সে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক বেলাল বলেন, ইসমাইল হেফজ বিভাগে দুই বছর ধরে পড়াশোনা করছিল। সকালে নামাজ পড়তে উঠে আমার বাবা তাকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ইসমাইলের বাবা মো. মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার মুখে ও পায়ে দাগ দেখেছি।’ তবে তার মা ইয়াসনুর বলেন, ‘রবিবার বাসায় এলে ইসমাইলের সঙ্গে আমি রাগারাগি করেছিলাম। সে হয়তো অভিমান করে আত্মহত্যা করেছে।’
