বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী গতকাল সোমবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদরে এসে পৌঁছালে ভারতীয় হাইকমিশনারকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন। হাইকমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এ ছাড়া মহান স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
