অটোরিকশা চালকদের ৭ দিনের খাবার দিলেন ইউএনও

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:২২ পিএম

‘স্যার রিকশা আটকাইছেন, বাসায় তো বাজার না নিয়ে গেলে মা, বউ ও পোলাপাইন না খাইয়া থাকব। আমিই বা কী খামু? রিকশা না চালাইলে কেমনে চলব।’ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে আরোপিত ‘কঠোর বিধিনিষেধ’ উপেক্ষা করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সড়কে বের হয়ে আটক হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের এক অটোরিকশা চালক। সঙ্গে সঙ্গে তার বার্তা পৌঁছে দেওয়া হয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছে। তিনি বিষয়টি শুনেই আটক হওয়া ওই অটোরিকশা চালকসহ আরও কয়েকজন চালককে আগামী সাত দিনের খাদ্যসামগ্রী দিতে নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলার ফতুল্লা শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী আটক হওয়া অটোরিকশা চালকদের হাতে পরে তাদের পরিবারের জন্য এক সপ্তাহ চলার মতো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।  

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো নিষেধ। তাই নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও আরিফা জহুরা শিউলি শিবু মার্কেট এলাকায় বেশ কয়েকটি অটোরিকশা আটক করেন। এ সময় অটোরিকশা চালকরা বলেন, তাদের অটোরিকশা আটকে রাখলে না খেয়ে থাকবেন। বিষয়টি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্যারকে জানালে তিনি তাৎক্ষণিক নির্দেশ দেন অটোরিকশা চালকদের লকডাউন চলাকালীন আগামী সাত দিনের খাবার দিতে। স্যারের নির্দেশে অটোরিকশা চালকদের হাতে আগামী সাত দিনের খাবার তুলে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১০ থেকে ১২ জন অটোরিকশা চালককে আগামী সাত দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। যাতে তারা খাবারের কষ্টে না ভোগেন। এটা ডিসি স্যারের নির্দেশ।’

অটোরিকশা চালকদের আটকের পর তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ইউএনও আরিফা জহুরা শিউলি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় ১০-১২ জন অটোচালককে তাদের পরিবারের জন্য ৭ দিনের পরিমাণমতো খাবার দেওয়া হয়েছে। যাতে তারা খাদ্যকষ্টে না ভোগে। এটা ডিসি স্যারের নির্দেশ।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের আইন প্রয়োগ করব। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশÑ কেউ যেন না খেয়ে কষ্ট না পায়। তাই অটোচালকদের খাবার তুলে দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত