নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চুরির মামলা দায়েরের পর পুলিশ মাত্র আড়াই ঘণ্টায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় মামলা হলে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে মামলার সব কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত দত্ত আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, পাগলা মেরিএন্ডারসন আবাসিক ভবনের বিপরীত পাশের পাকা রাস্তার ওপর থেকে তিন চোর শান্ত (২০), আরিফ (২২) ও আমির আলীকে (৪৪) ৩০০ কেজি চোরাই রড ও একটি ভ্যানগাড়িসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের আড়াই ঘণ্টার মধ্যে মামলার সব কার্যক্রম শেষ করে মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
