৪ মাসের মধ্যে সবচেয়ে কম শনাক্ত ভারতে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৪৭ এএম

করোনাভাইরাসের ডেল্টা ধরনের কারণে বিশ্বের অনেক অঞ্চলেই লাগামহীন সংক্রমণ। মৃত্যুও বাড়ছে হু হু করে। তবে যে ভারত থেকে করোনার নতুন এই ধরনের জন্ম সেই ভারতেই সংক্রমণ ও মৃত্যু এখন নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭০৩ জন। চার মাসের মধ্যে প্রথমবারের মতো ৩৫ হাজারের নিচে নামল সংক্রমণ। এর আগে গত ১৫ মার্চ ২৭ হাজার রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। ১৬ মার্চ সেই সংখ্যা ছিল ৩৫ হাজার ৫০০ জনের বেশি। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ছিল ২ দশমিক ১১ শতাংশ। ভারতে টানা ১৫ দিন ধরেই সংক্রমণের হার ৩ শতাংশের নিচে লক্ষ করা যাচ্ছে।

২০১৯ সালের শেষে চীনে শুরু। এরপর গত ১৮ মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর সব দেশে। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাস একের পর এক রেকর্ড করছে, ভাঙছে আগেরটি। অনাকাক্সিক্ষত এসব রেকর্ড কেউ না চাইলেও থামছে না করোনা। এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়িয়ে গেল। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১৮ কোটি মানুষ।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জন। এর মাঝে মারা গেছে ৪০ লাখ ৪৮০ জন। এ সময়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৩১০ জনের। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ১৬১ জনের। এ হিসেবে আক্রান্ত ও মৃত্যু দুটোই এর আগের ২৪ ঘণ্টার চাইতে বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪২৪ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৩ লাখ ৪৬ হাজার ৪৬১ জনের।

করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসাবে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থান ব্রাজিলের।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের আর ভারতে ৪ লাখ ৩ হাজার ৩১০ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত