১৭ জুলাই থেকে পশু পরিবহনে বিশেষ ট্রেন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৫০ এএম

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মধ্যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে ১৭ থেকে ১৯ জুলাই তিন দিন বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রস্তুতি রয়েছে। তবে পূর্বাঞ্চলে জামালপুর থেকে পশু আসে। পশ্চিমাঞ্চলে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পশু আসে। কিন্তু মূল আগ্রহ হলো জামালপুর।’ পশু পরিবহনে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের সংখ্যা কমবেশি হবে বলে জানান শরিফুল আলম।

পরিবহনে ব্যবসায়ীদের কত টাকা গুনতে হবে তার সঠিক তথ্য দিতে না পারলেও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবসায়ীরা বিশেষ এই ট্রেনে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় আনতে পারবেন। করোনা পরিস্থিতিতেই কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। গত বছর জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পায়নি রেলওয়ে। এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত