হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কবীর সুমন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৪:৫৯ পিএম

পশ্চিমবঙ্গের খ্যাতিমান গায়ক কবীর সুমন দশ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি নিজেই সেই খবর জানালেন। সঙ্গে চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন ‘জাতিস্মর’ গায়ক।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ফেইসবুকে সুমন লেখেন, “সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।”

গত মাসের শেষ দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয় ৭৩ বছরের কবীর সুমনকে।

এর আগে কয়েকদিন ধরেই গলায় ব্যথা নিয়ে কাবু ছিলেন কবীর সুমন। ২৭ জুন রাতে অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তাকে নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা। পরে দুটি টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে।

ওই সময় বলা হয়, কবীর সুমনের এক্সরে-তে শ্বাসযন্ত্রের কিছু সমস্যা ধরা পড়েছে। তার সিওপিডির সমস্যা রয়েছে, সঙ্গে আছে বার্ধক্যজনিত একাধিক অসুখ। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে।

হাসপাতালে ভর্তির পরদিনই গায়ককে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অসুস্থতার খবর চাউর হওয়ার পর থেকেই ভারত ও বাংলাদেশের অগণিত ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় ছিলেন কবীর সুমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত