গাজীপুরে অপহরণের এক ঘণ্টার মধ্যে ১০ দিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বিথী আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, বুধবার দুপুরে বাসন থানার চান্দপাড়া এলাকায় ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন তার মা ফারজানা চৌধুরী। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার কৌশলে ঘুমন্ত শিশুটিকে কোলে তুলে নিয়ে পালিয়ে যায়। তিনি শিশুটিকে নিয়ে একটি সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বাসন থানার পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং বিথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা মেহদী হাসান বাদী হয়ে বাসন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
