রাজধানীর রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় রবিন (২০) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দুই পথচারী।
রবিন মাদারীপুর কালকিনি উপজেলার নাজিম উদ্দিনের সন্তান। বর্তমানে রায়বাজার সাদেক খান রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকেন তিনি।
নাজিম উদ্দিন জানান, তার একটি খাবারের হোটেল আছে। দুজনে মিলে সেই হোটেল দেখাশোনা করেন। ছেলেকে কারা, কী কারণে কুপিয়েছে কিছুই জানাতে পারেননি তিনি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, রবিনের দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত আছে। খুবই গুরুতর অবস্থা তার। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
