গাজীপুরের কালীগঞ্জে চাঁদা না পেয়ে হৃদয় খান নামে এক প্রবাসীকে তুলে নিয়ে হাতুড়িপেটা ও ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। ওই সময় ভাইকে বাঁচাতে গিয়ে মাদ্রাসাপড়ুয়া দুই বোনও শ্লীলতাহানির শিকার হয় বলে ভুক্তভোগী ওই পরিবারের দাবি। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দড়িবাগুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রবাস থেকে ফিরে বাড়িতে তিনতলা ভবনের কাজ শুরু করেন হৃদয়। কয়েক দিন আগে একই এলাকার শাকিল (১৮), রুবেল (২৩), জায়েদুলসহ (২৮) আরও কয়েকজন হৃদয়ের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বিভিন্ন হুমকিধমকি দিয়ে চলে যায় তারা। এর জেরে গত সোমবার সন্ধ্যায় সাত-আটজন ফের হৃদয়ের কাছে চাঁদা দাবি করলে অস্বীকৃতি জানান তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে হৃদয়ের হাত-মুখ বেঁধে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে পাশের একটি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ভাইকে উদ্ধার করতে এসে মারধর ও শ্লীলতাহানির শিকার হয় হৃদয়ের ছোট ও চাচাতো বোন। পরে আহত সবাইকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
