দ্বিতীয় দিনের শুরুতে ৩০০ পার বাংলাদেশের

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০১:৫৭ পিএম

দ্বিতীয় দিনের শুরুতে ৩০০ রানের ঘরে পা রেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা প্রথম দিন শেষ করে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ (৬৫) ও তাসকিন আহমেদ (২৪)।

বুধবার হারারেতে দুই দলের একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের ব্যর্থতার দিনে সফরকারীরা সেই ধাক্কা সামাল দেয় অধিনায়ক মুমিনুল হক, লিটন দাশ ও মাহমুদউল্লাহর ব্যাটে।

তিনজনই দেখা পান ফিফটির। মুমিনুল ৭০ রানে সাজঘরে ফেরেন। লিটন আউট হন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে। তবে মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে স্বস্তিতে দিন পার করে বাংলাদেশ। ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন প্রায় এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা এই অলরাউন্ডার।

স্বাগতিক জিম্বাবুয়ের হয়ে আগেরদিন ৩ ‍উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টর নুয়াচি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত