নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামলা চালিয়ে ইমন (২৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার পর আবারো ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার তারাব পৌরসভার তারাব শবনম ওয়েল মিলের সামনে এ ঘটনা ঘটে।
তারাব এলাকার ইমনের বাবা মনির বেশ কয়েকবার হ্যান্ডক্যাপসহ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ায় তিনি এলাকায় হ্যান্ডক্যাপ মনির নামে পরিচিতি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কাজের বাধা দেওয়ার ঘটনায় তারাব এলাকার চিহ্নিত সন্ত্রাসী হ্যান্ডক্যাপ মনিরের ছেলে ইমন সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
এ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে দুই কনস্টেবলসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় পুলিশ ইমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তারাব শবনম ওয়েল মিলের সামনে পৌঁছালে হ্যান্ডক্যাপ মনির ও তারাব পৌর যুব মহিলালীগের সভাপতি পারুল আক্তার ও তার বোন পারভীন আক্তারসহ অজ্ঞাত ৫/৬ জন পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তারা রূপগঞ্জ থানার এসআই সাইফুল ইসলামকে টেনেহিঁচড়ে ও পোশাক বোতাম ছিড়ে লাঞ্ছিত করে।
এ সময় হ্যান্ডক্যাপ মনির, যুব মহিলালীগ নেত্রী পারুল আক্তার ও তাদের লোকজন কনস্টেবল বজলুরের হাতে কামড় দিয়ে হ্যান্ডক্যাপসহ আসামি ইমনকে ছিনিয়ে নিয়ে যায়। দেড় ঘণ্টা পর বেলা ১২টার দিকে আবারো পুলিশ তারাব এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ইমনকে হ্যান্ডক্যাপসহ ছিনিয়ে নেওয়ার পর তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। সে এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে।
