মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশের অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা আরও বাড়লে তাদের ক্ষমতায়ন ও উন্নয়ন টেকসই হবে। গতকাল বৃহস্পতিবার ‘লালসবুজ ডটকম’ মার্কেটপ্লেস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক (অতিরিক্ত সচিব) মীনা পারভীন।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাফর উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর, বিএফটিআইর পরিচালক মো. ওবায়দুল আজম এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার।
লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসে শুধু নারী উদ্যোক্তাদের তৈরি বা সংগৃহীত দেশি পণ্য পাওয়া যাবে। মার্কেটপ্লেসের পেমেন্ট ও ডেলিভারির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে তথ্য আপা প্রকল্প এবং বিএফটিআই। ক্রেতার কাছে সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিতে লালসবুজ ডটকমের লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই, রেডেক্স এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে ডাক বিভাগের ই-কমার্স ডেলিভারি সেবা ই-পোস্ট। লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের লিংক :www. laalsobuj.com।
লালসবুজ ডটকমে ইতোমধ্যে দেশের ৪৯০টি উপজেলা থেকে ১৫ হাজার নারী উদ্যোক্তা যুক্ত হয়েছেন। নারীদের ই-কমার্স বিষয়ে সম্যক অবগতির জন্য তথ্য আপা প্রকল্প এবং বিএফটিআইর একাধিক প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। এক বছরে এক লাখের অধিক নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে লালসবুজ ডটকম। বিজ্ঞপ্তি
