ফেদেরার কি শেষ উইম্বলডন খেলে ফেললেন?

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:১১ এএম

রজার ফেদেরার নামের চলমান টেনিস মহাকাব্য কি সমাপ্তির পথে? উইম্বলডন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে স্বল্পখ্যাত এক খেলোয়াড়ের কাছে হেরে বিদায় নেওয়ায় প্রশ্নটা জোরালো হয়ে উঠতে শুরু করেছে।

বুধবার অল ইংল্যান্ড ক্লাব কোর্টের শেষ আটের ম্যাচে পোল্যান্ডের হুবার্ত হুরকাজের বিপক্ষে ৩-৬, ৬-৭, ০-৬ গেমে হেরে বিদায় নিয়েছেন কুড়ি গ্র্যান্ড সø্যামের মালিক ফেদেরার। উইম্বলডনে ১১৯ ম্যাচে ওটা ফেদেরারের ১৪তম হার। ২০০২ সালে মারিও এনসিচের কাছে হারের পর উইম্বলডনে এই প্রথম সরাসরি সেটে কারও কাছে হারলেন এই গ্র্যান্ড সø্যাম টুর্নামেন্টের সর্বাধিক আটবারের শিরোপা জয়ী। তার পরেই প্রশ্ন উঠছে এবার কি টেনিসকে বিদায় বলবেন ফেদেরার? ৮ আগস্ট সুইস কিংবদন্তি ৪০-এ পা রাখবেন। খেললেও তার পক্ষে গ্র্যান্ড সø্যাম জেতা কি আর সম্ভব হবে? ফেদেরার নিজেও জানেন না, ‘আমি সত্যিই জানি না। ভাবতে হবে। আমার সব সময় লক্ষ্যই থাকে আরও একটা উইম্বলডন খেলা। এই বছর পেরেছি। এর পরে কী হবে, সেটা ভাবতে হবে।’ ফেদেরার আরও বলেন, ‘আজ রাতেই কথা বলব, আগামী বেশ কিছু দিন আলোচনা করব পরিবার এবং দলের সঙ্গে। কীভাবে নিজেকে প্রতিযোগিতার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করা যায় সেই চিন্তা করব। আমি অবশ্যই চাইব আবার খেলতে, তবে এই বয়সে পারব কিনা জানি না।’

হাঁটুর অপারেশনের পর ফ্রেঞ্চ ওপেনে নেমে চতুর্থ রাউন্ডে উঠলেও সরে দাঁড়ান। উদ্দেশ্য ছিল প্রিয় টুর্নামেন্ট উইম্বলডনের জন্য শক্তি সঞ্চয় করে রাখা। ঘাসের কোর্টে কোয়ার্টারের আগে পর্যন্ত ছন্দেই ছিলেন। এরপর হুরকাজের বিপক্ষে সব এলোমেলো হয়ে যায়। তৃতীয় সেটে একটা গেমেও জিততে পারেননি ফেদেরার, ‘শেষ ১৮ মাস বেশ কঠিন ছিল। এই মুহূর্তে আমি বিধ্বস্ত। খুব ক্লান্ত আমি। কিছুদিন বিশ্রাম নিতে হবে। নিজের সব কিছু উজাড় করে দিচ্ছিলাম কোর্টে। সেটা শেষ হয়ে গেল। মানসিকভাবেও আমি ক্লান্ত। সবকিছু নতুন করে শুরু করার আগে বিশ্রাম খুব জরুরি।’ ২০০১ সালে আগেরবারের চ্যাম্পিয়ন পিট সাম্প্রাসকে চতুর্থ রাউন্ডে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। পরের বছর প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও ২০০৩ সালে ফিরে প্রথম শিরোপা জেতেন। পরের টানা চার বছর একচ্ছত্র আধিপত্য তার উইম্বলডনে। এই রেকর্ড আর কারও নেই। ১৯৯৯ সালে প্রথম যখন উইম্বলডন খেলেন ফেদেরার, সেই সময় হুরকাজের বয়স ছিল মাত্র ২। বুধবার ১৫ বছরের ছোট সেই পোল্যান্ডের তরুণের কাছেই সরাসরি সেটে হেরেছেন ফেদেরার। হারের পর ভারাক্রান্ত মনে স্বীকার করেছেন বয়সের ছাপ পড়েছে খেলায়, ‘আজ থেকে ১০-২০ বছর আগেও যে জিনিসটা অবলীলায় করতাম, এখন আর সেটা হয় না। এখন কোর্টে ভাবতে হয়, মানসিক প্রস্তুতি নিতে হয়, মনে করতে হয়। কোনো কোনো সময় যেটা করতে চাইছি সেটা হয়তো করেও উঠতে পারি না।’

অনেকের মতোই ফেদেরারের শেষ দেখে ফেলেছেন বলে মনে করেন টেনিস কিংবদন্তি বরিস বেকারও। আশির দশকের তিনবারের চ্যাম্পিয়ন ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, ‘মিস হিট করছে ফেদেরার! যা ওর সঙ্গে যায়ই না। কোনো সমস্যা ছিল কিনা, সে তা কখনই বলবে না। তবে আবার এই গ্রেট খেলোয়াড়কে এখানে খেলতে দেখতে পাব কিনা, তা বলতে পারছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত