কোপা আমেরিকায় দারুণ ফর্মে লিওনেল মেসি। চার গোল এবং পাঁচ অ্যাসিস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন। তার খেলা দেখে পেলের কথা মনে পড়ছে ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের টোস্টাওয়ের।
কোপা আমেরিকা, বিশ্বকাপ মিলে এ পর্যন্ত নয়টি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন মেসি। যার পাঁচটিতেই দল উঠেছে ফাইনালে। আগের চারবার মেসি শিরোপা জিততে না পারলেও এবার কি পারবেন? টোস্টাও মনে করেন সম্ভব। কারণ, মেসিকে জাতীয় দলের হয়ে এবারের চেয়ে ভালো আর খেলতে দেখেননি টোস্টাও ‘আর কখনই এত গতি, শক্তি এবং তীব্র জেদ নিয়ে খেলতে দেখিনি তাকে। মেসি আমাকে পেলের কথা মনে করিয়ে দেয়। পেলে শক্তিশালী ছিল আর শারীরিকভাবে মেসির চেয়ে আগ্রাসীও। তবে প্রতিভার দিক দিয়ে মেসি আছে পেলের কাতারেই।’
সর্বকালের সেরা পেলে না ম্যারাডোনা তা নিয়ে বিতর্ক বহু পুরনোর। কেউ কেউ মেসিকে মনে করছেন সর্বকালের সেরা। টোস্টাওয়ের কাছে ‘পেলের পর সে-ই (মেসি) বিশ্বসেরা। এমনকি সে ম্যারাডোনার চেয়েও ওপরে আছে।’
কোপার ফাইনালকে অনেকে দেখছেন মেসি-নেইমারের লড়াইয়ের মঞ্চ হিসেবে। এ বিষয়ে টোস্টাও বলেছেন, ‘মেসিই এগিয়ে। নেইমারের চেয়ে সে আরও বেশি পরিপূর্ণ। ব্রাজিলিয়ানরাও চায় মেসি একটা কোপা আমেরিকা বা বিশ্বকাপ জিতুক, কিন্তু সেটা ব্রাজিলকে হারিয়ে নয়।’
