ধুনটে গরু চুরির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২১, ০১:০৯ এএম

বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাতটি গরু চুরির মামলায় সাজিদুল ইসলাম সুজন (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। পরে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সুজন উপজেলার কৈয়াগাড়ি গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে। সে ভা-ারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক।

থানা পুলিশ জানায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত। গত ২৪ মে রাতে উপজেলার উল্লাপাড়া থেকে দুটি, এলাঙ্গী থেকে দুটি ও পাকুড়িহাটা গ্রাম থেকে তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় উল্লাপাড়া গ্রামের আশাদুল হক বাদী হয়ে ২৭ মে থানায় মামলা করেন। এছাড়া ভা-ারবাড়ি ইউনিয়নের তিনটি দোকানের মালামাল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ প্রায় ৩ লাখ টাকার সামগ্রী চুরির ঘটনায়ও সুজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ ২২ জুন অভিযান চালিয়ে তার বাড়ি থেকে চুরির বেশকিছু মালামাল উদ্ধার করে। তখন থেকেই সে পলাতক।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানান, বেশ কিছুদিন আগে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সাজিদুল ইসলাম সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত