বগুড়ায় ছুরি মেরে শ্বশুরকে খুন

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:০৫ এএম

বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের পারভবানীপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসাদুলের মেয়ের সঙ্গে। এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করে। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে নিতে অস্বীকৃতি জানান। বেশ কয়েক দফা গ্রামে সালিশ করে প্রায় পাঁচ মাস আগে আসাদুল তাদের মেনে নেন। এর কিছুদিন পর থেকেই সাব্বির তার শ্বশুরের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে জামাইয়ের সঙ্গে শ্বশুরের বিরোধ দেখা দেয়।

পরে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনমাথা নামক স্থানে সাব্বির তার পথরোধ করে টাকা চায়। এ নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সাব্বির তার শ্বশুরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাব্বিরকে গ্রেপ্তার করতে তৎপরতা চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত