যেখানে হাসি ইতালির কান্না ইংল্যান্ডের

আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:৩৫ এএম

পিরলোর পানেনকা শট, শিলাচির গোল্ডেন বুট জয় বা মার্কো তারদেল্লির আবেগময় উদযাপন। বড় টুর্নামেন্টগুলোয় যখনই ইতালি-ইংল্যান্ড মুখোমুখি, ভেসে আসে এই ছবিগুলো। কারণ মেজর টুর্নামেন্টে মোট চারবারের দেখায় সববারই যে জয়জয়কার ইতালিয়ানদের। বিশ্বকাপে বা ইউরো, কোনোবারই মুখোমুখি লড়াইয়ে আজ্জুরিদের হারাতে পারেনি ইংল্যান্ড। ২০২০ ইউরো ফাইনালে ইংল্যান্ড হয়তো স্বাগতিক হওয়ার সুবিধা পাচ্ছে। কিন্তু ইতিহাস যে ইতালির পক্ষেই। তাই আজ রাতে ইংল্যান্ডের আক্ষেপ ঘুচবে? না অজেয় থাকার দৌড় বাড়াবে ইতালি।

অবশ্য বৈশ্বিক মঞ্চে ইতালি-ইংল্যান্ডের উত্তেজনার লড়াই খুব কম। মাত্র একবারই তারা নকআউট পর্বে মুখোমুখি হয়েছে। ২০১২ ইউরোতে, সেবার টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে ইতালি। সেই আসরটিই আন্দ্রে পিরলোর ঠা-া মাথার পানেনকা শটের জন্য বিখ্যাত হয়ে গেছে। ইংল্যান্ডের ভাগ্য ভালো যে ইতালির চাপে পিষ্ট হয়েও কোয়ার্টার ফাইনাল টাইব্রেকারে নিতে পেরেছে। কিন্তু শেষ রক্ষা তো আর হয়নি। 

বড় আসরে দুই দলের বাকি তিন লড়াইয়ের প্রথমটি হয় ১৯৮০ ইউরোয়। দ্বিতীয় গ্রুপ ম্যাচে মুখোমুখি হওয়া দুই দলের ব্যবধান হয়ে যান দিয়েগো তারদেল্লি। ৭৯ মিনিটে কাছের পোস্ট দিয়ে গোল করে চিরাচরিত উল্লাসে মাতেন তিনি। তারদেল্লি বিখ্যাত ছিলেন প্রবল আওয়াজে উল্লাস ও মাঠের গ-ি পেরিয়ে শূন্যে ঘুষির জন্য। সেবার গ্রুপ পর্বে ওই একটি ম্যাচই জিতেছিল ইতালি। স্পেন ও বেলজিয়ামের সঙ্গে ড্র করেও গ্রুপের দ্বিতীয় দল হয়ে উঠে যায় পরের রাউন্ডে। আর ওই হারের জন্যই বিদায় নিতে হয় ইংল্যান্ডকে।

এরপর ১৯৯০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণীতে মুখোমুখি হয় ইতালি-ইংল্যান্ড। গুঞ্জন উঠেছিল সেমিফাইনালে হেরে যাওয়ায় দুই দল এতটাই মনঃক্ষুণœ যে কেউই তৃতীয় স্থান নির্ধারণীতে খেলতে চায়নি। কিন্তু নিয়ম তো নিয়মই। তবে ম্যাচ হওয়ায় সুবিধা হয়েছে সালভাতর শিলাচির। ৮৬ মিনিটে তার পেনাল্টি থেকেই ইতালি ২-১ গোলে জিতেছিল এবং টুর্নামেন্টে ৬ গোল নিয়ে গোল্ডেন বুট জেতেন শিলাচি।

আর টুর্নামেন্টে দুই দলের শেষ লড়াইটা হয়েছে ২০১৪ বিশ্বকাপে। এবারও জয় ইতালির। ব্রাজিলের আমাজন অঞ্চলের শহর মানাউসে মারিও বালোতেল্লির দ্বিতীয়ার্ধের হেড থেকে করা গোলে ২-১ এ জয় পায় আজ্জুরিরা। অবশ্য এবারের জয়ে কোনো লাভ হয়নি। ডি গ্রুপ থেকে ইতালি-ইংল্যান্ডকে ছিটকে দিয়ে দ্বিতীয় রাউন্ডে যায় উরুগুয়ে ও কোস্টারিকা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত