মোংলা বন্দরে রাজস্ব কমেছে ২ হাজার কোটি টাকা

আপডেট : ১১ জুলাই ২০২১, ০১:১০ এএম

করোনার প্রাদুর্ভাবে ২০২০-২১ অর্থবছর মূলত চীন নির্ভর আমদানি-রপ্তানি কমেছে মোংলা বন্দরে। এছাড়া বন্দর দিয়ে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি থেকেই বেশি রাজস্ব আদায় হয়  কাস্টমসের। বিক্রি কমে যাওয়ায় গত অর্থবছর নতুন করে গাড়ি আমদানিও খুব বেশি হয়নি। তাই গাড়ি আমদানিতে ভাটা পড়ায় এই খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।

মোংলা কাস্টম হাউজ কর্র্তৃপক্ষ জানান, সদ্যবিদায়ী অর্থবছর মোংলা কাস্টম হাউজে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকার কিছু বেশি। ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় এ-সময় ৮২৬ কোটি টাকা বেশি আয় হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২০-২১ অর্থবছর ৫ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাবে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তিনি আরও জানান, মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিযোগ্য বাল্ক কার্গো, ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), এলপিজি (তরল গ্যাস) ও রিকন্ডিশন্ড গাড়ি এবং কন্টেইনারজাত পণ্যে নির্ভর করে কাস্টমসের আয়ের হার। কিন্তু ২০২০-২১ অর্থবছর ১৪ হাজার ৪৭৪ গাড়ি আমদানি কম হওয়ায় রাজস্ব আদায় কমেছে।

মোংলা কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, গত অর্থবছর ৫ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যের বিপরীতে হয়েছ ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছর ৪ হাজার ৬৯২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যের বিপরীতে আদায় হয় ৩ হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সে সময়েও লক্ষ্যপূরণ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত