দিল্লি বিশ্ববিদ্যালয়ে হবে ‘বঙ্গবন্ধু চেয়ার’

আপডেট : ১১ জুলাই ২০২১, ০২:৫৬ এএম

বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। গতকাল শনিবার আইসিসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইসিসিআরের মহাপরিচালক শ্রী দীনেশ কে পটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি এ বিষয়ে আগামী ১২ জুলাই একটি সমঝোতা স্মারকে সই করবেন। আপাতত যার মেয়াদ হবে পাঁচ শিক্ষাবর্ষ।

আইসিসিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের বোঝাপড়া বাড়ানোই দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার লক্ষ্য।

আইসিসিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের উন্নয়নকে আরও ভালোভাবে বোঝা এবং এর মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী করা।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পরিচালিত হবে বাংলাদেশবিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা, যিনি মূলত বাংলাদেশি বংশোদ্ভূত হবেন। এর আওতায় যেসব গবেষণা হবে, তাতে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জোড়া আয়োজনে অংশ নিতে গত মার্চে বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার ওই সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত