ঢাবির সিজিএস গবেষণা

দেশে করোনা উপসর্গে দুই সপ্তাহে ৪৮৬ মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২১, ০২:৫৭ এএম

করোনা উপসর্গ নিয়ে গত দুই সপ্তাহে (২৩ জুন থেকে ৬ জুলাই) ৪৮৬ জন মারা গেছেন। আর এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ হাজার ৯৩৯ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) এক গবেষণায় এ তথ্য প্রকাশ করেছে।

গতকাল শনিবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনার উপসর্গে সর্বোচ্চ ২৭০ জন মারা গেছেন রাজশাহী জেলায়। এরপর কুমিল্লায় ২৫২ জন, সাতক্ষীরায় ২৪৫ জন, চাঁদপুরে ১৬১ জন, খুলনায় ১৪৯ জন, চট্টগ্রামে ১০৪ জন, বরিশালে ৯৮ জন, ঢাকায় ৯২ জন, বগুড়া ও ফরিদপুরে ৭১ জন মারা গেছেন।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৭৪২ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। খুলনা বিভাগে ৬৬২, রাজশাহী বিভাগে ৫২৪ জন, ঢাকা বিভাগে ৪৬৪ জন, বরিশাল বিভাগে ২৫৩ জন, সিলেট বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন ও রংপুর বিভাগে ৯৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এখন পর্যন্ত উপসর্গে মৃতের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা পাঁচ গুণ। নারী মারা গেছেন ৪৮৯ জন, আর পুরুষ মারা গেছেন ২ হাজার ৪৫০ জন।

বিপিও’র গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৮ মার্চ থেকে করোনার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত তথ্য সংগ্রহ করে প্রতি সপ্তাহে একটি প্রতিবেদন দেওয়া শুরু হয়। এতে দেখা যায়, ২২ থেকে ২৮ মার্চের সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পরের সপ্তাহে এটি বেড়ে দাঁড়ায় ৬৩ জনে। এরপর এটি বাড়তে থাকে। এক সপ্তাহে সর্বোচ্চ ২২২ জনের মৃত্যু হয়েছে গত ২১ থেকে ২৭ জুন এই এক সপ্তাহে। এ বছরের শুরু থেকে দুই সপ্তাহ পর প্রতিবেদন দেওয়া শুরু হয়। গত ১৪ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত উপসর্গে মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সংক্রমণ বেড়ে গেলে জুন থেকে আবার উপসর্গে মৃত্যুর খবর আসতে থাকে।

জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বিপিও। করোনা পরিস্থিতি নিয়ে ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে গতকাল এই নতুন প্রতিবেদন প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত