চট্টগ্রামে পৌঁছাল সিনোফার্ম ও মডার্নার টিকা

আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:৩৮ পিএম

চট্টগ্রামে প্রথমবারের মতো মডার্নার টিকা এসে পৌঁছেছে। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো চীনের তৈরি সিনোফার্মের টিকাও পৌঁছেছে। গতকাল রবিবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে আসা টিকাগুলো চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি গ্রহণ করেন। এ নিয়ে জেলায় চার দফায় ১০ লাখ ৩৭ হাজার ২০০ ডোজ করোনার টিকা পৌঁছায়।

সংশ্লিষ্টরা জানান, বেক্সিমকোর ফ্রিজারভ্যানে করে ২২ কার্টনে মডার্নার টিকা এসেছে ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং ৯৮ কার্টনে সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মডার্নার টিকা নগরীর নয়টি কেন্দ্রে ও সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের দেওয়া হবে। যাদের বয়স ৩৫ বছর থেকে অধিক তারা এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে। তিনি আরও বলেন, চমেক হাসপাতালের টিকা কেন্দ্রে যারা রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করেনি তাদের সোমবারের মধ্যে টিকা দিয়ে প্রথম ডোজ বন্ধ করা হবে। তবে জেনারেল হাসপাতালে সিনোফার্মের টিকাদান চলবে। আর আগামী মঙ্গলবার থেকে মডার্নার টিকাদান কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

গত ৩১ জানুয়ারি প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত