এই দিনে

আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:১০ এএম

নোবেলজয়ী কবি পাবলো নেরুদা ১৯০৪ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। পাবলো নেরুদা তার ছদ্মনাম, প্রকৃত নাম রিকার্দো এলিয়েসের নেফতালি রেয়েস বাসোয়ালতো। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক মনে করা হয়। তার রচনা অনূদিত হয়েছে অনেক ভাষায়। তার রচনা বিষয়-বৈচিত্র্যে অনন্য। একদিকে তিনি লিখেছেন ‘টোয়েন্টি পোয়েমস অব লাভ অ্যান্ড আ সং অব ডিসপ্যায়ার’-এর মতো আবেগঘন কবিতা সংকলন; অন্যদিকে লিখেছেন পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য। রাজনৈতিক ইশতেহারও লিখেছেন তিনি। ১৯৪৫ সালের ১৫ জুলাই নেরুদা ব্রাজিলের সাও পাওলোর পাকায়েম্বু স্টেডিয়ামে বিপ্লবী কমিউনিস্ট নেতা লুই কার্লোস প্রেস্তকে সম্মান জানাতে এক লাখ লোকের এক সমাবেশে ভাষণ দেন। ১৯৭১ সালে নেরুদাকে সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নেরুদা একাধিক কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চিলির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ১৯৪৮ সালে রক্ষণশীল প্রেসিডেন্ট গঞ্জালেস ভিদেলা চিলির কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করার পর নেরুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বন্ধুদের ঐকান্তিক সহায়তায় আত্মগোপন করতে সক্ষম হন নেরুদা। পরে নির্বাচিত সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দের ঘনিষ্ঠ সহযোগী হন তিনি। আলেন্দের উপদেষ্টা ছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠা কবি পাবলো নেরুদা। তার অন্ত্যেষ্টিক্রিয়া চিলির সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রথম গণপ্রতিবাদ কর্মসূচিতে পরিণত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত