মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে। গতকাল রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ বৈঠক হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক থেকে জানানো হয়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১০ জিলহজ ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে ঈদ। পশুর হাটে যাওয়ার পরিবর্তে অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় উৎসাহিত করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।
