কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর বাংলাদেশ-ভারত সীমান্তের পাশর্^বর্তী মতিয়াতলী গ্রামের বেলাল হোসেনের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিএসএফ। গতকাল রবিবার সকালে ভারতীয় সীমান্ত পিলার থেকে পূর্বে ২৫ গজ ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায় বিজিবি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হলেও লাশ গ্রহণ করতে রাজি হয়নি বিজিবি।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক উগ্যজাই মারমা জানান, মরদেহের খবর পেয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে বিএসএফ মরদেহটি বিজিবিকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু আইনি প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহণে আপত্তি জানায় বিজিবি। পরে পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত হয়। নিহত বেলাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে মাদক মামলায় কারাগার থেকে বের হয় সে। আইনি প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণ করবে।
