ইতালি ইউরো চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা পুনরুদ্ধার করেছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপার শিরোপা। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যে কে সেরা বিশ্বকাপের বাইরে তা মাপা যেত ফিফা কনফেডারেশন্স কাপ প্রতিযোগিতাটা থাকলে। কিন্তু ৬ মহাদেশীয় চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন ও আয়োজকদের নিয়ে ১৯৯২ সাল থেকে হয়ে আসা টুর্নামেন্টটি বন্ধ করে দিয়েছে ফিফা।
২০২১ সালের কনফেডারেশন্স কাপ কাতারে আয়োজনের কথা ছিল। কিন্তু বিশ্বকাপ সাধারণত জুন-জুলাইয়ে আয়োজিত হলেও কাতারের প্রচ- গরমের কারণে পরবর্তী বিশ্বকাপ ২০২২-এর নভেম্বরে পিছিয়ে নেওয়া হয়। ২০১৫ সালের সেই ঘোষণার সময় ফিফা বলেছিল, কনফেডারেশন্স কাপ জুন-জুলাই উইন্ডোতে অন্য কোনো দেশে আয়োজন করা যেতে পারে। কিন্তু ২০১৯-এর মার্চে ফিফা চূড়ান্তভাবে কনফেডারেশন্স কাপ বন্ধের ঘোষণা দেয়। পরিবর্তে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলহান্দ্রো দমিনগেজের মধ্যে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা দলের মধ্যে একটা প্রতিযোগিতা আয়োজন নিয়ে কথা বলেছেন শনিবার আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের সময়। যদি তা বাস্তবায়িত হয়, তবে ‘ইউরো-আমেরিকা কাপ’ নামে ইতালি-আর্জেন্টিনার একটা লড়াই দেখা যেতে পারে। সঙ্গে রানার্সআপ ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যেও ম্যাচ হতে পারে।
তবে এমন লড়াই আয়োজনে সবচেয়ে বড় বাধা তারিখ খুঁজে পাওয়া। কারণ করোনা পরিস্থিতিতে আর্জেন্টিনাকে আরও ১২টি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে হবে। ইতালিরও রয়েছে ৭টি বিশ্বকাপ বাছাই ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে প্লে-অফও খেলতে হতে পারে তাদের।
১৯৯২ সালে কিং ফাহাদ কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল সৌদি আরব, যাতে অংশ নেয় আগের বছরের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ফাইনালে এশিয়ান চ্যাম্পিয়ন সৌদি আরবকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ক্যানিজিয়া-সিমিওনেরা। ’৯৩-র কোপা চ্যাম্পিয়ন হিসেবেও ১৯৯৫ সালের কিং ফাহাদ কাপে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। সেবার প্রথম অংশ নেয় ’৯২-র ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্কও। ফাইনালে এই ডেনমার্কের কাছেই হেরে যায় আর্জেন্টিনা। ১৯৯৭ থেকে কিং ফাহাদ কাপকে আনুষ্ঠানিক কনফেডারেশন্স কাপে রূপ দেয় ফিফা। ২০০৫ পর্যন্ত দু’বছর অন্তর হয় ৫টি টুর্নামেন্ট। এরপর চার বছর অন্তর হয় আরও ৩টি কনফেডারেশন্স কাপ। এই ৮ বারে ব্রাজিল চারবার, ফ্রান্স দুইবার, জার্মানি ও মেক্সিকো একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল।
