সোনালী লাইফের শেয়ারে অস্বাভাবিক ক্রয়-বিক্রয়াদেশ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:২৫ এএম

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত জীবন বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারে ক্রয়-বিক্রয়াদেশে অস্বাভাবিকতা দেখা গেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর আগে প্রি-ওপেনিং সেশনে ১০ টাকা অভিহিত মূল্যের এই কোম্পানির শেয়ার হাজার টাকায় কেনার আদেশ দিয়েছেন বিনিয়োগকারীরা। বিপরীতে একই সময়ে মাত্র ১০ পয়সা দরে শেয়ার বিক্রিরও আদেশ ছিল। যদিও দিনশেষে লভ্যাংশ ঘোষণার সুযোগ নিয়ে সোনালী লাইফের শেয়ার দর ৪৪০ শতাংশ বেড়েছে। মাত্র ১২ শতাংশ লভ্যাংশে শেয়ার দরের এমন উল্লম্ফনেও অস্বাভাবিকতা রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

গত ৩০ জুন ১০ টাকা অভিহিত মূল্যে তালিকাভুক্ত হওয়ার পর পঞ্চম কার্যদিবস শেষে গত বৃহস্পতিবার সোনালী লাইফের শেয়ার প্রতিদিন ১০ শতাংশ হারে বেড়ে ১৬ টাকায় উন্নীত হয়েছিল। গত রবিবার বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ২০২০ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে পরিচালনা পর্ষদ। একই সময়ে চলতি হিসাব বছরের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা শেষে আরও ২ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার কথা জানায় কোম্পানিটি। সব মিলিয়ে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। চূড়ান্ত লভ্যাংশের দিনে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণাও দেশের পুঁজিবাজারে বিরল ঘটনা বলে জানা গেছে।   

লভ্যাংশ ঘোষণার পরবর্তী কার্যদিবসে শেয়ার দরে কোনো সার্কিট ব্রেকার না থাকার সুযোগে অস্বাভাবিক দরে কেনাবেচার আদেশ দেন কিছু বিনিয়োগকারী। গতকাল সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর আগে ওপেনিং সেশনে সোনালী লাইফের ১০টি শেয়ার ১ হাজার ৫০ টাকায় কেনার আদেশ দেন একজন বিনিয়োগকারী। একই সময়ে ১ হাজার ১০ পয়সায় ২টি, ১ হাজার টাকায় ৭১টি, ৭০০ টাকা দরে ১০০টি, ৫০১ টাকা দরে ১০০টি, ৫০০ টাকায় ৬৭টি, ৪০০ টাকায় ২৫টি অর্ডার দেখা গেছে। বিপরীতে মাত্র ১০ পয়সা দরে এই কোম্পানির ১ হাজার ৭০২টি শেয়ার বিক্রির আদেশ দেন একজন বিনিয়োগকারী। এ ছাড়া ২০ পয়সা দরে ১৭টি, ৩০ পয়সায় ১৮টি, ৫০ পয়সায় ২টি, ৮০ পয়সায় ৮৫টি ও এক টাকায় ৭৮টি শেয়ার বিক্রির আদেশ ছিল। অস্বাভাবিক কেনাবেচার এমন আদেশ খতিয়ে দেখবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। 

তবে ক্রয়-বিক্রয়াদেশে এমন অস্বাভাবিকতা থাকলেও দিনশেষে সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ ৯৩ টাকা ৫০ পয়সায় কেনাবেচা হয়েছে সোনালী লাইফের শেয়ার। দিনশেষে সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮৬ টাকা ৫০ পয়সা। কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার ষষ্ঠ কার্যদিবসে সবচেয়ে বেশি শেয়ার হাতবদল হয়েছে, যার প্রায় সবই ছেড়েছেন আইপিওধারীরা। গতকাল সোনালী লাইফের ৭০ লাখ ৭৯ হাজার ৮৭৯টি শেয়ার কেনাবেচা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত