দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা ও উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেছেন, আধুনিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষ শ্রমশক্তি তৈরির উদ্যোগ নিতে হবে। ইউজিসির শৃঙ্খলা ও আচরণবিধি শীর্ষক পাঁচ দিনের ভার্চুয়াল কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল সোমবার তিনি এসব কথা বলেন।
আইএমসিটি বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ভূঁইয়া এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।
