১৭ জুলাই থেকে ঢাকার দুই সিটিতে বসছে পশুর হাট

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৩:২২ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর ১৯টি হাট বসছে। আগামী ১৭ জুলাই থেকে ঢাকার দুই সিটিতে ৫ দিন ধরে এসব হাটে পশু বেচাকেনা চলবে। তবে এখান পর্যন্ত রাজধানীর অস্থায়ী হাটগুলোতে পশু খুব একটা আসেনি।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোট ১০টি আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯টিসহ মোট ১৯টি হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে। যদিও এবার মোট ২৩টি হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করে তা চূড়ান্ত করেছিল দুই সিটি কর্র্তৃপক্ষ। এরপর ডিএসসিসি ৩টি আর ডিএনসিসি ১টি হাট শেষ পর্যন্ত বাতিল করেছে।

ডিএসসিসি : ডিএসসিসির অস্থায়ী হাটগুলো হলো উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা; হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা; পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা; মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা; দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা; ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা; ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা; আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা; লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা; এবং গোলাপবাগে সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন জানান, চলমান করোনা মহামারী বিবেচনায় ডিএসসিসির তিনটি পশুর হাট বাতিল করা হয়েছে। হাট তিনটি হলো লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা।

ডিএনসিসি : ডিএনসিসির গাবতলী স্থায়ী হাট ছাড়াও অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা; ভাটারা (সাইদনগর) পশুর হাট; কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা; উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা; বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, সেকশন-৩-এর খালি জায়গা; উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ; ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা; মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ। এর মধ্যে ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজসংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা হাটটি বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত