পশুর হাট বসাতে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৪:১৭ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজারে পশুর হাট বসাতে বাধা দেওয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুর হাট বন্ধ করার নির্দেশ দেন। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতার উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তারকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে এ বিষয়ে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, বাজারের একদিকে ম্যাজিস্ট্রেট গাড়ি রেখে পুলিশসহ সেখানে গেলে লোকজন দিকবিদিক পালাতে শুরু করে। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ইটপাকেল নিক্ষেপ করা হয়।

তিনি আরও জানান, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত