মিতু হত্যা মামলা

পলাতক তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৪:১৮ এএম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার পলাতক তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পিবিআইর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই আদেশ দেয়।

তিন আসামি হলো বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুছা, এহতেশামুল হক ভোলা ও খায়রুল ইসলাম কালু।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, মিতু হত্যা মামলার তিন আসামি মুছা, ভোলা ও কালুর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। গতকাল আদালত শুনানি শেষে এ আদেশ দিয়েছে।

এ ঘটনার পর থেকে পুলিশ জানায়, মুছা পলাতক। কিন্তু তার স্ত্রী পান্নার দাবি, পুলিশ তুলে নিয়ে যায় মুছাকে। বর্তমান তদন্তকারী সংস্থা পিবিআইও মুছার সন্ধান পাওয়ার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে শুরু থেকেই বলে আসছে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মিতুকে। মিতু হত্যার ঘটনায় নতুন মামলায় তার স্বামী বাবুলকে ১২ মে গ্রেপ্তার দেখানো হয়। আসামি করা হয় ৮ জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত