রংপুর সিটি করপোরেশন এলাকায় করোনভাইরাসের (কভিড-১৯) টিকাদান কার্যক্রম চলছে।
মঙ্গলবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে শুরু হয়েছে মডার্নার টিকাদান কার্যক্রম।
টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
এর আগে রবিবার রাতে ১২ হাজার ডোজ টিকা পৌঁছায়। সিটি করপোরেশনের নিবন্ধিত মানুষদের এই টিকা দেওয়া হচ্ছে।
একই সঙ্গে রংপুর জেলার আট উপজেলায় এবং বিভাগের ৫৮ উপজেলায় চলছে সিনোফার্মের টিকাদান কার্যক্রম। টিকা গ্রহণে আগ্রহীদের ভিড় বেড়েছে টিকা কেন্দ্রে।
সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, গত রবিবার রাত ১টার দিকে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল মডার্নার টিকার ১২ হাজার ডোজ তাদের একটি পিকাআপ ভ্যানে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসে। রাতেই মডার্নার টিকা বুঝে নেওয়া হয়।
তিনি বলেন, এই টিকা ৩০ দিনের মধ্যে দিতে হবে মানুষকে। না হলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।
বেক্সিমকো ফার্মাসিটিক্যাল রংপুর জোনের ম্যানেজার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, নিরাপত্তার সঙ্গে মডার্নার ১২ হাজার ডোজ টিকা রংপুর সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই টিকার প্রয়োজনীয় তাপমাত্র অনুযায়ী রাখা হয়েছে। পর্যাক্রমে রংপুর সিটির বাসিন্দারা এ টিকা পাবেন।
